ফরম পূরণে নাম বিভ্রাট
দুই ছাত্রীর নামই কৃপামালা চাকমা। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) একজন ফরম পূরণ করেছে, একজন করেনি। কিন্তু যে ছাত্রী করেছে তার ফরম পূরণ হয়নি, যে করেনি তার হয়েছে। এ ঘটনা ঘটেছে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের সাপছড়ি উচ্চবিদ্যালয়ে।
গতকাল বৃহস্পতিবার ঘটনা জানাজানি হওয়ার পর অভিভাবকেরা শিক্ষকদের বিদ্যালয় থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন। রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এটা প্রতিষ্ঠানের ভুল। ছাত্রী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা করা হচ্ছে। কিন্তু অভিভাবকেরা সন্দিহান ছাত্রীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। কারণ আগামী রোববার থেকে শুরু হবে জেএসসি পরীক্ষা।
দুপুর ১২টায় সাপছড়ি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সীমানার বাইরে কয়েকজন ছাত্রছাত্রী বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছে। আর ক্ষুব্ধ অভিভাবকেরা দোকানে বসে আছেন।
কৃপামালা চাকমার চাচা রবিসুন্দর চাকমাসহ অভিভাবকেরা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দিতে না পারলে তালা খুলে দেওয়া হবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈনুদ্দিন মুঠোফোনে বলেন, ‘দুই কৃপামালা চাকমাই বিদ্যালয়ে অনিয়মিত ছাত্রী। তাই দুজনকেই আমাদের তেমন চোখে পড়ে না। ফরম পূরণের সময় একজনের বাবা নিজে না এসে অন্য এক ব্যক্তিকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন। আর যার নাম আগে চোখে পড়েছে তার নামে ফরম পূরণ করে দিয়েছি। প্রবেশপত্র পাওয়ার পর ভুলটা চোখে পড়েছে।’