ফরম পূরণে বাড়তি ফি আদায়ের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে গতকাল বৃহস্পতিবার সকালে স্মারকলিপি দিয়েছেন নগর ছাত্রলীগের নেতারা। একই দাবিতে দুপুরে ‘অভিযোগপত্র’ দিয়েছে ছাত্র ফ্রন্টের নগর শাখা।
স্মারকলিপি জমা দেওয়ার আগে শিক্ষা বোর্ডের সামনে সমাবেশ করে ছাত্রলীগ। এতে বক্তব্য দেন নগর কমিটির সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি জয়নাল উদ্দিন, নাঈম রানা, শাহীন মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে বিভিন্ন বিদ্যালয়। কিন্তু শিক্ষা বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেসব বিদ্যালয় অতিরিক্ত অর্থ আদায় করেছে, তা অবিলম্বে শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে হবে। তা না হলে শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও এবং অবরোধের মতো কঠিন কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ছাত্র ফ্রন্ট ‘অভিযোগপত্র’ জমা দেওয়ার আগে গতকাল বেলা ১১টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকায় সমাবেশ করে। সংগঠনের নগর কমিটির সভাপতি তাজ নাহার রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দীন, সহসভাপতি মুক্তা ভট্টাচার্য, দপ্তর সম্পাদক মাহফুজা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছরই এসএসসির ফরম পূরণে বাড়তি ফি আদায় করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নামে-বেনামে ফি আদায় করছে। তবে শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনের মুখে কিছু কিছু বিদ্যালয় বাড়তি ফি আদায় বন্ধ রেখেছে এবং আদায় করা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছে।
বোর্ড চেয়ারম্যানকে দেওয়া ‘অভিযোগপত্র’ প্রসঙ্গে তাজ নাহার রিপন বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে কোনো বিদ্যালয় যাতে বাড়তি অর্থ আদায় করতে না পারে, সে জন্য গত ১৫ অক্টোবর বোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। কোনো বিদ্যালয় বাড়তি টাকা নিলে তা পরবর্তী সময়ে অভিযোগ আকারে জমা দিতে বলেছিলেন বোর্ড চেয়ারম্যান। তাই স্মারকলিপি না দিয়ে এবার অভিযোগপত্র জমা দিয়েছেন তাঁরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, বাড়তি ফি আদায়কারী বিদ্যালয়গুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর বোর্ড নির্ধারিত ফির বাইরে কেউ যাতে বাড়তি ফি আদায় করতে না পারে, সে জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।