ফরম পূরণে বাড়তি ফি প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে দেড় শতাধিক শিক্ষার্থী।
কলেজ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ চলবে আজ ২২ ডিসেম্বর পর্যন্ত। পূরণে বোর্ড-নির্ধারিত ফি হলো বিজ্ঞান শাখায় এক হাজার ৯০৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এক হাজার ৩৮৫ টাকা ও এক বিষয়ে অকৃতকার্যদের জন্য ৬৩৫ টাকা। কিন্তু বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়মিত পরীক্ষার্থীদের ন্যূনতম চার হাজার ১০০ থেকে ছয় হাজার টাকা এবং এক বিষয়ে অকৃতকার্যদের জন্য দুই হাজার ২০০ টাকা নির্ধারণ করে দেন। গতকাল সকাল ১০টায় ফরম পূরণ করতে আসা শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়। তারা শুধু বোর্ড ফি দিয়ে ফরম পূরণের জন্য কলেজের অধ্যক্ষের কাছে দাবি জানায়। তাদের দাবি না মানায় বেলা দুইটার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কলেজ পরিচালনা পর্ষদের দুজন সদস্য সেখানে গিয়ে শিক্ষার্থীদের এ সমস্যা নিরসনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জহির আহমেদ ও ওয়াহিদুল ইসলাম বলেন, এটি কলেজের অধ্যক্ষের একক সিদ্ধান্ত। বাড়তি ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীরা বকেয়া বেতন পরিশোধ না করে ও কলেজ উন্নয়নের টাকা না দিয়ে শুধু বোর্ড ফি দিয়ে ফরম পূরণের জন্য দাবি জানিয়েছে। এ সমস্যা নিরসনে রোববার (আজ) সকাল ১০টায় কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভা ডাকা হয়েছে।