ফরম পূরণে লাগছে বাড়তি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন খাতে রসিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে। যাঁরা মানোন্নয়ন পরীক্ষা দেবেন, তাঁদের কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। কলেজের অধ্যক্ষ এসব অভিযোগ অস্বীকার করে জানান, আগে ফরম পূরণের সময় যেভাবে টাকা নেওয়া হয়েছে, এবারও সেভাবে নেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম সারা দেশে ১ জুলাই শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে কোন খাতে কত টাকা নেওয়া হবে, তার বিবরণ দেওয়া হয়েছে। সে অনুযায়ী কেন্দ্র ফি ৩০০ টাকা, টিউটোরিয়াল ফি ৫০, ব্যবহারিক ফি প্রতিপত্র ১৫০, নম্বরপত্র ফি ৫০ টাকাসহ এক হাজার টাকা নেওয়ার কথা। কিন্তু সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।মুজিবুর রহমান মহিলা কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ এক হাজার ৩৭০ টাকা এবং বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ২৭০ টাকা নেওয়া হচ্ছে। এর বাইরেও প্রতি শিক্ষার্থীর কাছ থেকে রসিদ ছাড়া ১০০ টাকা নেওয়া হচ্ছে। অথচ বগুড়া সরকারি আযিযুল হক কলেজে প্রতি বিষয়ে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে। আবার সরকারি আযিযুল হক কলেজে মানোন্নয়ন পরীক্ষার জন্য যেখানে ৮০০ টাকা নেওয়া হয়, সেখানে এ কলেজে নেওয়া হচ্ছে এক হাজার ৭০ টাকা।মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রোকেয়া বেগম বলেন, ‘কোনো অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। তবে লোকাল ফান্ডের জন্য কিছু টাকা নেওয়া হয়।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রে নির্ধারিত হারে টাকা নেওয়ার কথা বলা হলেও অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘কলেজে এলে বিস্তারিত বলতে পারব।’ শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।