ফরম পূরণের অর্থ কমানোর দাবিতে বিক্ষোভ, লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফরম পূরণের টাকা কমানোর দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা৷ এ সময় পুলিশের লাঠিপেটায় তিন শিক্ষার্থী আহত হন৷ এর ছবি তুলতে গেলে পুলিশ এক ফটোসাংবাদিককে মারধর করে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেয়৷
আহত ব্যক্তিরা হলেন বিএম কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র উজ্জ্বল কুমার, মো. পলাশ খান ও ইংরেজি বিভাগের অভিজিৎ রায় এবং দৈনিক বরিশাল প্রতিদিন-এর ফটোসাংবাদিক মো. ফরহাদ হোসেন৷
একািধক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল থেকে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ফরম পূরণের জন্য সাড়ে চার হাজার টাকা নির্ধারণ করে কর্তৃপক্ষ৷ এটি গত বছরের চেয়ে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা বেশি। এই বর্ধিত টাকা কমানোর দাবিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন । একপর্যায়ে তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা শুরু করে৷ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ছবি তুলতে গেলে পুলিশ ফরহাদ হোসেনকে মারধর করে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেয়৷
ফরহাদ হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বিক্ষোভের ছবি তুলতে গেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন তাঁকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন৷ পরে অবশ্য ক্যামেরা ফেরত দেন৷
এ ব্যাপারে ওসি শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা দুই ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখায় যান চলাচল ব্যাহত হয়। তাঁদের বারবার বলা হলেও তাঁরা সড়ক থেকে সরেননি। তাই পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
সাংবাদিককে মারধর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ব্যাপারে ওসি বলেন, ‘প্রথমে তাঁকে (ফরহাদ) ছাত্র মনে হয়েছিল, তাই ক্যামেরা নেওয়া হয়৷ পরে সাংবাদিক জানার পর ক্যামেরা ফেরত দেওয়া হয়েছে।’
অতিরিক্ত অর্থ নেওয়ার ব্যাপারে ব্রজমোহন কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের জন্য যে অর্থ নির্ধারণ করে দিয়েছে, তা-ই নেওয়া হচ্ছে৷ এ নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের দাবিও অযৌক্তিক নয়। বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে পুলিশের হামলার বিষয়ে তিনি জানেন না।