ফরম পূরণের টাকা কমানোর দাবিতে বিক্ষোভ অব্যাহত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফরম পূরণের টাকা কমানোর দাবিতে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৫০ টাকা ফি কমানোর ঘোষণা দেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরম পূরণের অর্থ কমানোর দাবিতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে কলেজের জিরো পয়েন্ট থেকে িবক্ষোভ মিছিল বের করেন৷ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তাঁরা অধ্যক্ষের সঙ্গে দেখা করেন৷
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী কাজী মো. সফিউল বাশার বলেন, ‘স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফরম পূরণে চার হাজার ২০০ টাকা ধার্য করা হয়েছে। কোনো কোনো বিভাগে পাঁচ হাজার টাকারও বেশি ধার্য করা হয়। কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ৮০০ টাকা আদায় করতে চাচ্ছে। আমরা এক হাজার টাকা কমানোর দাবি করছি৷’
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এম কাইউম উদ্দিন শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার হুমকি দিয়েছেন৷
এ ব্যাপারে এসএম কাইউম উদ্দিন বলেন, ‘ছাত্ররা অহেতুক আন্দোলন করছে। ছাত্রদলের নেতা-কর্মীরা আন্দোলনের নামে কলেজে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, কিন্তু হুমিক দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’
ছাত্রলীগের নেতা নাহিদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘কলেজে অনেক ছোট ভাই আছে। তাদের সঙ্গে অধিকার নিয়ে কথা বলা হয়েছে। এটাকে হুমিক হিসেবে নেওয়া ঠিক নয়।’
কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের অর্থ বাড়িয়েছে। তার পরও বলেছি সবার জন্য ১৫০ টাকা কমানো হবে। এ ছাড়া দরিদ্রদের জন্য বিশেষ ক্ষেত্রে আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ টাকা কম নেওয়া হবে।’
শিক্ষার্থীরা গত সোমবারও বিক্ষোভ মিছিল ও কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় কোতোয়ালি থানার পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেন৷ এতে তিন শিক্ষার্থী ও এক ফটোসাংবাদিক আহত হন৷