ফরম পূরণের টাকা কমানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সরকারি কলেজের ছাত্রছাত্রীরা গতকাল সোমবার পরীক্ষার ফরম পূরণে টাকা বেশি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন। ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ৭৫০ টাকার পরিবর্তে এক হাজার ৪৫০ টাকা নেওয়া হচ্ছে বলে তাঁরা দাবি করেছেন। বেলা সাড়ে ১১টায় ছাত্রছাত্রীরা স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হন। সেখানে তাঁরা সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় আধা ঘণ্টা মানববন্ধন করার সময় বক্তব্য দেন আহসানুল আলম, রিদওয়ান, আবদুল কাইয়ুম ও নিমাপ্রু মারমা প্রমুখ। ছাত্রছাত্রীরা জানান, সমঞ্চান তৃতীয় বর্ষে পরীক্ষার জন্য ফরম পূরণে তাঁদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করছে। যেখানে বোর্ডের নির্ধারিত প্রদেয় টাকা থেকে চট্টগ্রামে ৪৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে, সেখানে বান্দরবান কলেজে বেশি নেওয়া হচ্ছে ৭৫০ টাকা। বান্দরবানের মতো দরিদ্র এলাকার অভিভাবকের পক্ষে এত টাকা বহন করা অত্যন্ত কঠিন। মানববন্ধনের পরে ছাত্রছাত্রীরা তাঁদের কাছে এসেছিলেন বলে কলেজের শিক্ষকেরা জানিয়েছেন। তাঁরা বলেন, কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে—তা কয়েক বছর আগে থেকে নির্ধারিত। বান্দরবান কলেজে ছাত্রছাত্রী কম হওয়ায় আনুষঙ্গিক খরচ আদায়ও চট্টগ্রাম বা অন্যান্য কলেজ থেকে স্বাভাবিকভাবে কিছু বেশি হবে। অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া বলেছেন, বহিরাগত একটি মহল তাঁদের উসকে দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। প্রকৃত বিষয়গুলো বুঝিয়ে বলার পর ছাত্রছাত্রীরা তাঁদের ভুল স্বীকার করেছেন। তাঁরা মানববন্ধন আয়োজন করায় শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন বলে অধ্যক্ষ জানিয়েছেন।