ফরম পূরণের টাকা কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাঁচপাড়ায় ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজের এইচএসসি প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা ফরম পূরণ ফি কমানো ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে।কলেজ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষ প্রথমে এক হাজার ২০০ টাকা ফি ধার্য করে নোটিশ দেয়। কিন্তু দুই দিন পরেই তা এক হাজার ৭০০ পুনর্নির্ধারণ করা হয়। এ ছাড়া কোচিং ফি বাবদ আরও ৮০০ টাকা ধার্য করা হয়। এভাবে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল সকালে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে কলেজ পরিচালনা কমিটির সভপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আসে। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন ও অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান শেষে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ইউএনওকে দুটি স্মারকলিপি দেয়। এতে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করা হয়।এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমেদ জানান, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক।তবে ইউএনও এ এস এম মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে অন্য কলেজের চেয়ে বেশি আদায় করা হবে না।