সরকারি বরিশাল কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা৷ তাঁরা কলেজের মূল ফটক, শিক্ষক মিলনায়তন ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন৷ পরে পুলিশ এসে অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্ধার করে৷
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথম বর্ষের ফরম পূরণে সরকারি ব্রজমোহন কলেজের চেয়ে সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ তাঁদের কাছ থেকে অতিরিক্ত ৭০০ টাকা ফি নিচ্ছেন৷ তাঁরা অধ্যক্ষের কাছে গিয়ে ফি কমানোর দাবি জানালে অধ্যক্ষ অপারগতা প্রকাশ করেন৷ এ কারণে গতকাল বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন৷ বেলা দুইটায় কলেজের মূল ফটক, অধ্যক্ষের কক্ষ ও শিক্ষক মিলনায়তনে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ পরে কোতোয়ালি মডেল থানার ওসি মধ্যস্থতায় বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে তালা খুলে দেওয়া হয়৷
বরিশাল কলেজের অধ্যক্ষ এ কে এম মজিবর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ কোনো ফি বাড়ায়নি৷ জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের ফি বাড়িয়েছে৷