ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ফরম পূরণের ফি বাড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কলেজে আলাদাভাবে এ কর্মসূচি পালন করে।
বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন হয়৷ এ সময় অন্যদের মধ্যে ছাত্রফ্রন্টের জেলা কমিটির সভাপতি কিবরিয়া হোসেন বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, শেষ বর্ষের ফরম পূরণ করতে আগে দুই হাজার ৭৫০ টাকা লাগত৷ এবার এক লাফে তা বাড়িয়ে তিন হাজার ৭৫০ টাকা করা হয়েছে৷ বর্ধিত এই ফি প্রত্যাহার করতে হবে।
এদিকে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রায় একই সময়ে কলেজ ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের উদ্যোগে মিছিল হয়। পরে কলেজের বকুলতলায় সমাবেশে বক্তৃতা করেন ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক মিঠুন পাল, জেলা কমিটির সভাপতি নাদিম মাহ্মুদ, সাধারণ সম্পাদক শাওন পাল প্রমুখ। বক্তারা অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারসহ ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি গত বছরের চেয়ে প্রায় ৬০০ টাকা বাড়ানো হয়েছে। আগে ফি ছিল এক হাজার ৩৫০ টাকা৷ এখন বেড়ে তা হয়েছে এক হাজার ৯৫০ টাকা৷ এতে কলেজের কিছুই করার নেই।’