ফরম পূরণের বাড়তি টাকা ফেরত পেল শিক্ষার্থীরা
প্রশাসনের হস্তক্ষেপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আইডিয়াল হাইস্কুলের ৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণে আদায় করা বাড়তি টাকা ফেরত পেয়েছে। এর আগে টাকা ফেরত দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ গড়িমসি করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী বলে, এসএসসি পরীক্ষার ফরম পূরণকালে কয়েকটি বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে বাড়তি টাকা আদায় করে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাড়তি টাকা ফেরত দিতে চিঠি দিলে কর্তৃপক্ষ ১২ মার্চ শনিবার আমাদের বিদ্যালয়ে আসতে বলে। এ সময় মানবিক শাখার অনেক শিক্ষার্থীকে বাড়তি সব টাকা না দিয়ে ২০০-৩০০ টাকা দিয়ে ভাউচারে সই করতে বলা হয়। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানায়। ইউএনও ও ওসির হস্তক্ষেপে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন ও পরদিন বাড়তি টাকা ফেরত দেয়।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, ফরম পূরণে অতিরিক্ত অর্থ ফেরত-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে। যারা অতিরিক্ত ফি আদায় করেছে তাদের নিজ উদ্যোগেই সে অর্থ ফেরত দিতে বলা হয়েছে। না দিলে তাদের বিরুদ্ধে বোর্ড কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।