সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফির টাকা ফেরত দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ বিক্ষোভ শেষে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেয়।
জানা যায়, উপজেলার মহজমপুর উচ্চবিদ্যালয়ে ফরম পূরণের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে মানবিক বিভাগে বোর্ডের নির্ধারিত সরকারি ফি ১ হাজার ২৯৫ ও বিজ্ঞান বিভাগে ১ হাজার ৩৯৫ টাকার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ৩ থেকে ৪ হাজার টাকা করে আদায় করে। উচ্চ আদালত অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর সোনারগাঁয়ে কয়েকটি প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের অতিরিক্ত জমা নেওয়া টাকা ফেরত দিলেও ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নানা টালবাহানা করে শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়নি। গতকাল দুপুর ১২টায় ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৬০ জন শিক্ষার্থী একত্র হয়ে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন শ্রেণি থেকে পাঠদান অবস্থায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বের করে তালা লাগিয়ে দেয়।
এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী লিমা আক্তার ও রাসেল মিয়া জানায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকেরা তাদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ছয় লাখ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে একাধিকবার আশ্বাস দিলেও তাঁরা কথা রাখেননি। তাই তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে।
এ সময় ওই শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত বিক্ষোভ চলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে।
মহজমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে জটিলতা থাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়া যাচ্ছে না।