রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার প্রথম দিনে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। আজ সোমবার সকালে ফরম কেনার জন্য গতকাল সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন দুই শতাধিক অভিভাবক। গতকাল রাত নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, ফরম পাওয়ার জন্য উদ্বিগ্ন অভিভাবকেরা অপেক্ষা করছেন।১০ নভেম্বর পর্যন্ত বেইলি রোডে মূল ক্যাম্পাসসহ সব শাখায় ফরম বিক্রি চলবে। গতকাল ভিড় দেখে ফরম না কিনে অনেকেই ফিরে গেছেন। আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ফরম কিনতে পারেননি অনেক অভিভাবক। তাঁদের অনেকে আবার সন্ধ্যায় এসে লাইনে দাঁড়িয়েছেন পরদিন সকালে ফরম কেনার জন্য। রাত নয়টার দিকে দেখা যায়, মূল ক্যাম্পাসের আট নম্বর গেটের সামনে দুই শতাধিক অভিভাবক লাইনে দাঁড়িয়েছেন। তাঁদের কেউ কেউ এসেছেন সন্ধ্যা ছয়টায়।হাবিবুর রহমান নামের এক অভিভাবক প্রথম আলোকে বলেন, তিনি গতকাল ভোর ছয়টায় ফরমের জন্য এসেছিলেন, কিন্তু ফরম পাননি। এ কারণে পরদিনের ফরম কিনতে আগের দিন সন্ধ্যায় আবার লাইনে দাঁড়িয়েছেন।ভর্তি পরীক্ষার বদলে এবার প্রথমবারের মতো লটারির মাধ্যমে ছাত্রী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে ভিকারুননিসা নূন কর্তৃপক্ষ। এ কারণে এ বছর ফরম বিতরণও বেশি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।লটারির মাধ্যমে ভর্তি-প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে আবদুস সালাম নামের এক অভিভাবক প্রথম আলোকে বলেন, সিদ্ধান্তটি খুবই ভালো। এতে শিশুদের ওপর অযাচিত চাপ থাকবে না। সব প্রতিষ্ঠানেরই উচিত এ প্রক্রিয়ায় শিশু ভর্তি করা। অবশ্য কোনো কোনো অভিভাবক লটারির নামে দুর্নীতির আশঙ্কাও প্রকাশ করেন।তবে ভর্তি-প্রক্রিয়ায় অনিয়মের সুযোগ নেই বলে জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সামনেই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে। তিনি পাঁচ থেকে সাত বছরের বেশি বয়সের শিশুদের জন্য ফরম না নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। অধ্যক্ষ বলেন, প্রথম দিন ভিড় একটু বেশি ছিল। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই ফরম পাবে।জানা যায়, বাছাই শেষে ১১ নভেম্বর বিকেল চারটায় প্রাথমিক তালিকা টানিয়ে দেওয়া হবে। এরপর ১২, ১৩ ও ১৪ নভেম্বর অভিভাবকদের সাক্ষাৎকার নেওয়া হবে। তারপর লটারি। তবে এখনো লটারির ড্রয়ের তারিখ ঠিক হয়নি।প্রথম বর্ষে মোট আসন এক হাজার ৫৬৮টি হলেও লটারি হবে এক হাজার ৪৪০টি আসনে। বাকি আসনগুলোর ৫ শতাংশ হারে ৭৮টি আসন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য, আজিমপুরের দুটি ক্যাম্পাসের জন্য ২৪টি এবং এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের বোনদের জন্য ২৬টি শাখায় ২৬টি আসন সংরক্ষিত থাকবে। সংরক্ষিত আসনে যদি প্রার্থী বেশি হয়, সে ক্ষেত্রে সেখানেও লটারি হবে।শুধু মূল ক্যাম্পাসই নয়, শাখা ক্যাম্পাসগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। আজিমপুর শাখায় অভিভাবকদের লাইন গিয়ে ঠেকেছে ছাপরা মসজিদ গলি, আজিমপুর রোড, চায়না বিল্ডিং রোড পর্যন্ত। বেলা ১১টায় প্রভাতি শাখার ফরম বিতরণ যখন শেষ হয়, তখনো লাইনে ছিলেন অনেক অভিভাবক। ফরম না পেয়ে তাঁদের খালি হাতেই ফিরতে হয়েছে। কলি সাহা নামের এক অভিভাবক এখানে ফরম কিনতে এসেছিলেন ভোর পাঁচটায়। কিন্তু বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ফরম কিনতে পারেননি। ধানমন্ডি শাখায়ও ছিল একই অবস্থা।