ফরমালিন অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, ফরমালিন অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি এ ব্যাপারে জনগণকেও সচেতন হতে হবে।গতকাল শুক্রবার এফবিসিসিআইয়ের উদ্যোগে ঢাকার গুলশান-উত্তর কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত আদর্শ বাজার ঘোষণা এবং বাজার কর্তৃপক্ষের কাছে ‘ফরমাল ডি-হাইড্রেড মেশিন’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু আইন করে খাদ্যপণ্যে ফরমালিন মেশানো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইনের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ফরমালিন আমদানি ও ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সব বাজার ফরমালিনমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ এ কে এম রহমতউল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এক্সিম ব্যাংকের পরিচালক নূরুল ফজল বুলবুল, গুলশান সোসাইটির সভাপতি মো. রুহুল মতিন ও গুলশান উত্তর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম।