ফরমালিন, দুই মণ মাছ ড্রেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছে ফরমালিন পরীক্ষা করছেন কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি
মাছে ফরমালিন পরীক্ষা করছেন কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

বৈদ্যুতিক বাতির ঝলমলে আলোর নিচে বেশ সুন্দর করে রাখা অজস্র মাছ। বড় বড় রুই, কাতল, বোয়াল থেকে শুরু করে ছোট মাছও রয়েছে। জ্বলজ্বলে মাছগুলো দেখলে যেকোনো ক্রেতার লোভ সামাল দেওয়া কঠিন। কিন্তু রাজধানী উত্তরার কুশল সেন্টারের কাঁচাবাজারে লোভনীয় এসব মাছের বেশির ভাগের ওপর যে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া রয়েছে মরণঘাতি ফরমালিন, তা মোটেও জানতেন না ক্রেতারা।
তবে আজ মঙ্গলবার সকালে সেখানে ভেজালবিরোধী অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় দুই মণ ফরমালিনযুক্ত মাছ আটক করা হয়। মাছে ফরমালিন মেশানোর অভিযোগে কাঁচাবাজারটির তিনজন মাছবিক্রেতা আবদুল করিম, শওকত আলী এবং মো. খলিলকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম আবুল কালাম আজাদ। পরে ফরমালিনযুক্ত মাছগুলো টুকরো টুকরো করে ড্রেনে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ডিএমপির পরিদর্শক শফিকুর রহমান প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে প্রথমে তাঁরা উত্তরার ৬ নম্বর সেক্টরে বিডিআর মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালান। তবে ওই মার্কেটে ভেজাল দ্রব্য মেশানো মাছ পাওয়া যায়নি। পরে কুশল সেন্টারের নিচতলায় কাঁচাবাজারে প্রায় তিন ঘণ্টার অভিযানে চারটি মাছের দোকানের মধ্যে তিনটিতেই ফরমালিন মেশানো মাছ পাওয়া যায়। দোকানগুলোয় রুই এবং বোয়াল মাছে ফরমালিন মেশানো হয়েছিল। ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা কেজি দরে এসব মাছ বিক্রি করা হচ্ছিল।