ফরমালিন নয়, চিংড়ির খোসায় খাদ্য সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে অনেকটা চিড়ার মতো। এসব আসলে চিংড়ি মাছের খোসা থেকে তৈরি দানা, নাম কিটোজেন। এই কিটোজেন থেকে তৈরি হয় এক ধরনের তরল প্রিজারভেটিভ (স্থায়ীত্ববর্ধক উপাদান)। পানির সঙ্গে এটি মিশিয়ে স্প্রে করে ফল, মাছ, সবজির মতো দ্রুত পচনশীল খাদ্য সংরক্ষণ করা যাবে দীর্ঘ সময়।
সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব রেডিয়েশন অ্যান্ড পলিমার টেকনোলজির গবেষণাগারে বিকল্প এই প্রিজারভেটিভ স্বল্প খরচে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষকদের মতে, এই প্রিজারভেটিভ ব্যবহার করে সংরক্ষিত খাদ্য মানবদেহের জন্য ক্ষতিকর হবে না।
এ গবেষণা কার্যক্রম এখনো চলছে। ফল, মাছ ও সবজিতে এই প্রিজারভেটিভ ব্যবহারে সাফল্য পাওয়ায় এখন মাংস ও শুঁটকিতে পরীক্ষামূলকভাবে এটির প্রয়োগ করা হবে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চিংড়ি মাছের খোসা থেকে কিটোজেন ও প্রিজারভেটিভ তৈরির কাজ শুরু হয় প্রায় আট বছর আগে। প্রতিষ্ঠানের মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোবারক আহমেদ খানের নেতৃত্বে এ নিয়ে গবেষণা শুরু হয় । ২০০৮ সালে চিংড়ির খোসা থেকে কিটোজেন তৈরি হয়। পরে আমের ওপর তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। পর্যায়ক্রমে আনারস, জাম, স্ট্রবেরি ও কাঁঠাল সংরক্ষণ করে সফলতা পাওয়া গেছে বলে জানান মোবারক আহমেদ খান।
বাংলাদেশে কিটোজেন উৎপাদনের কোনো কারখানা নেই উল্লেখ করে মোবারক আহমেদ খান বলেন, কিটোজেন থেকে তৈরি হওয়া বিকল্প প্রিজারভেটিভের মূল্য বিদেশে বেশ চড়া। বিভিন্ন দেশে কৃষি, খাদ্য, চিকিৎসা ও কসমেটিক শিল্পে কিটোজেন ব্যবহার করা হয়। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে চিংড়ি রপ্তানি করা হয়। এর খোসা বর্জ্য হিসেবে পচে যায়। অথচ চিংড়ির খোসাই হলো কিটোজেন তৈরির কাঁচামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারমান সীতেশ চন্দ্র বাছার প্রথম আলোকে বলেন, চিংড়ির খোসার মধ্যে যে ধরনের উপাদান রয়েছে, সেগুলোকে অ্যাসিড ও ক্ষার দিয়ে বিক্রিয়ার মাধ্যমে কিটোজেন উৎপাদন করা হয়। দানাদার কিটোজেনকে পরে তরল প্রিজারভেটিভে রূপান্তরিত করা হয়।
জানা গেছে, দেশীয় পদ্ধতিতে প্রায় ১০ কেজি চিংড়ির খোসা থেকে ১ কেজি কিটোজেন পাওয়া যায়, যা থেকে ৫০০ লিটার তরল প্রিজারভেটিভ পাওয়া সম্ভব।
ইনস্টিটিউট অব রেডিয়েশেন অ্যান্ড পলিমার টেকনোলজির গবেষণা সমন্বয়ক জাহিদ মো. মাহাবুব ইসলাম বলেন, ১ কেজি কিটোজেনের আমদানি মূল্য ১ লাখ টাকা। সেখানে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ২ হাজার টাকায় ১ কেজি কিটোজেন তৈরি করা যায়।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জে তরল প্রিজারভেটিভ ব্যবহার করে আম ১৪ দিন সংরক্ষণ করা গেছে। আনারসে এ প্রিজারভেটিভ ব্যবহার করে ১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা গেছে।
সম্প্রতি তেলাপিয়া ও মলা মাছে কিটোজেন দিয়ে তৈরি প্রিজারভেটিভ পরীক্ষা করা হয়। এতে খোলা অবস্থায় ১৮ ঘণ্টা পর্যন্ত মলা মাছ ভালো ছিল। অন্যদিকে তেলাপিয়া মাছ ভালো ছিল ২১ ঘণ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, কিটোজেন নির্জীব প্রাকৃতিক পদার্থ। এতে স্বাস্থ্যগত ঝুঁকি থাকার কারণ নেই। তবে বাণিজ্যিকভাবে উৎপাদনের আগে এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
উদ্ভাবিত প্রিজারভেটিভ বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান।