ফরমালিন নিয়ন্ত্রণে আইন প্রণয়নে কেন নির্দেশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে সংসদ অধিবেশনে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল দেন।

সেই সঙ্গে খাদ্য, মাছ ও মিষ্টিতে মেলামিন, কার্বাইড, পোড়া মোবিল, বিষাক্ত রাসায়নিক ও রং ব্যবহার রোধে পরীক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, পরিবেশসচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ ১০ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ফরমালিন নিয়ন্ত্রণে আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি করেন।

আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।