ফরমালিন পরীক্ষার নামে হয়রানির প্রতিবাদ কৃষকদের
ফরমালিন পরীক্ষার নামে কৃষকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হওয়া প্রায় দুই হাজারের মতো কৃষক। আজ শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদীর ছলিমপুরের আনসার মাঠে একটি সমাবেশে তাঁরা সমবেত হন।
‘ফল-ফসলে ফরমালিন, বিষাক্ত রাসায়নিক-কৃষকের জ্ঞান ও করণীয়’ শীর্ষক এই কৃষক সমাবেশে কৃষকেরা বলেন, মাটির সঙ্গে যুদ্ধে করে দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাই। ২০৫০ সালে এ দেশের ৩২ কোটি মানুষের খাদ্য চাহিদা সরকার মেটাতে পারবে না। চাহিদা মেটাবে কৃষকেরা। কিন্তু সেই কৃষককে ফরমালিন পরীক্ষার নামে হয়রানি করা হচ্ছে।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক কৃষক ময়েজ উদ্দিন। বক্তব্য রাখেন, ঈশ্বরদীর নারী কৃষক বেলি খাতুন, ঝিনাইদহের মর্জিনা খাতুন, রাজশাহীর নূর মোহাম্মদ, যশোরের জাকির হোসেন, রাজবাড়ির আবদুল কাদের, আনছারুল ইসলাম, কুষ্টিয়ার আবদুল মোমিন, চুয়াডাঙ্গার আশরাফুল ইসলাম, নাটোরের হাসান আলী, ঈশ্বরদীর আবদুল বারী, হাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে ময়েজ উদ্দিন বলেন, বিমানে কোটি টাকার হেরোইন ও সোনা চোরাচালানের ঘটনায় পুলিশ বিমান থানায় আটক করে নিয়ে যায় না। কিন্তু বাজারজাত করার জন্য পণ্যবাহী ট্রাক নিয়ে বের হলে নানা অজুহাতে কৃষকের সেই ট্রাক আটক করে থানায় নিয়ে হয়রানি করা হয়। কৃষকেরা এ ধরনের হয়রানির প্রতিবাদ জানাচ্ছে। বেলি খাতুন জানান, ঈশ্বরদীর লিচু সারা দেশের বিখ্যাত ফল। লিচুর মৌসুম শুরু হচ্ছে। কিন্তু ফরমালিনের অজুহাতে কৃষকের লিচু ও আম পরীক্ষার নামে হয়রানির চিন্তায় তাঁরা দিশেহারা হয়ে উঠেছেন।
ঈশ্বরদী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, দিনাজপুরসহ দেশের লিচু ও আম সমৃদ্ধ এই পাঁচটি এলাকায় ফরমালিন পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে সমাবেশে কৃষকেরা বলেন, বাজারজাত করণের জন্য এলাকার নির্দিষ্ট স্থানে লিচু ও আমের ফরমালিন পরীক্ষা করতে হবে। কিন্তু মহাসড়ক বা রাজধানীর বাজারে নিয়ে যাওয়ার পর ফরমালিন পরীক্ষার নামে কৃষক হয়রানি করা যাবে না। তাঁরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানানোর জন্য ভূমিমন্ত্রীকে অনুরোধ করেন।
জবাবে ভূমিমন্ত্রী বলেন, দেশের কৃষক কখনো ফল-ফসলে ফরমালিন মেশায় না। তবে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।