ফরমালিন পরীক্ষার নামে হয়রানি বন্ধ না হলে হরতাল
গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করা বন্ধ রেখে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা৷ ফরমালিন পরীক্ষার নামে হয়রানি, চাঁদাবাজি ও আম নষ্ট করার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তাঁরা৷
হয়রানি বন্ধে জেলা প্রশাসককের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা৷ আজ শুক্র ও কাল শনিবারের মধ্যে হয়রানি ও আম নষ্ট করা বন্ধ না হলে আগামী রোববার হরতাল পালন করা হবে বলে তাঁরা ঘোষণা দিয়েছেন৷
সকাল সাড়ে ১০টা থেকেই জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা থেকে আম ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন৷ এখান থেকে চেম্বার সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল ওয়াহেদের নেতৃত্বে কয়েক হাজার আম ব্যবসায়ী বিক্ষোভ মিছিল বের করেন৷
বক্তারা বলেন, ফরমালিন পরীক্ষার নামে গত ১০ দিনে কয়েক কোটি টাকার আম নষ্ট করা হয়েছে৷ এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বাজারে ধস নেমেছে৷