ফরমালিন পরীক্ষার যন্ত্র পরীক্ষার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল, মাছসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত করতে (পরীক্ষা) ব্যবহৃত ফরমালডিহাইড মিটার জেড-৩০০ যন্ত্রের যথার্থতা পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। আদেশে বলা হয়, এ কারণে বর্তমান অভিযান বাধাগ্রস্ত হবে না। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক ও ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
ফরমালিন পরীক্ষায় ব্যবহৃত ওই যন্ত্র ত্রুটিপূর্ণ দাবি করে তা পরীক্ষার নির্দেশনা চেয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ১৩ জুলাই রিট আবেদনটি করেন। গতকাল শুনানি হয়।
রিটের আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানিতে অংশ নেন।
আদেশের বিষয়টি জানিয়ে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, এই আদেশে ফরমালিনবিরোধী চলমান অভিযান ব্যাহত হবে না বলে আদালত বলেছেন।
রুলে ওই যন্ত্র ব্যবহার করে খাদ্য ও ফলমূলে ফরমালিন পরীক্ষা করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, খাদ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ ১০ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ফরমালডিহাইড মিটার জেড-৩০০ নামের যন্ত্র দিয়ে ফরমালিন পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ওই যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে এটা ফল ও সবজিতে ফরমালিনের উপস্থিতি পরীক্ষায় ব্যবহার করা যায় কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে প্রতিষ্ঠানটি জানায়, এটা বাতাসে বিশুদ্ধতা নিরূপণে ব্যবহৃত হয়ে থাকে। যন্ত্রটির ক্যাটালগেও এ বিষয়ে বলা আছে।