নীলফামারীর সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে গতকাল শনিবার তিন ফল ব্যবসায়ী ও এক হোটেলমালিকের কাছ থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ফল ব্যবসায়ীর আড়ত থেকে ফরমালিন মেশানো খেজুর, আঙুর এবং হোটেলে রং মেশানো মিষ্টি জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।
বেলা সোয়া একটার দিকে প্রথমে অভিযান চলে হাতীখানা রোড়ের পাইকারি ফল ব্যবসায়ীদের দুটি আড়তে। মো. শাহ আলমের আড়তের আঙুর ও মো. বাদশাহের আড়তে মজুত করা খেজুরে অতিরিক্ত মাত্রায় ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়। ওই দুই পাইকারি ব্যবসায়ীর ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের জিকরুল হক সড়কের দিনাজপুর মোড়ে মো. শওকত নামের এক খুচরা ফল দোকানে অভিযান চালিয়ে ফরমালিন মেশানো খাওয়ার অযোগ্য বেশ কিছু পরিমাণ খেজুর জব্দ করা হয়। ওই ব্যবসায়ীর এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে শহরের পাঁচমাথা মোড়ের আশরাফ হোটেল থেকে রং মেশানো মিষ্টি জব্দ করা হয়। পরে সেসব জব্দ করে ওই হোটেলমালিকের এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরে ওই ফল ও মিষ্টি শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত খড়খড়িয়া নদীতে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।