ফরমালিন শনাক্তকরণ যন্ত্র নিয়ে সন্দেহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমে ফরমালিনের অস্তিত্ব নিয়ে খাগড়াছড়ির বাগানমালিকেরা আতঙ্কে রয়েছেন। বাগানমালিকদের দাবি, তাঁরা আমে ফরমালিন দেননি। তবু যন্ত্রে ফরমালিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। আর তাই যন্ত্রটি নিয়ে বাগানমালিকদের মনে সন্দেহ দেখা দিয়েছে।বিষয়টির সুরাহা করতে আমবাগানের মালিকেরা গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। জেলা প্রশাসক যন্ত্রটির ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। আমে ফরমালিনের অস্তিত্ব পাওয়ায় এরই মধ্যে পৌর এলাকার দুজনের দণ্ড হয়েছে।খাগড়াছড়ি বাজারে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত আমে ফরমালিন মেশানোর দায়ে খাগড়াছড়ি সদরের আম বিক্রেতা নাসির হোসেন ও নুরুল ইসলামকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় অন্যান্য আমবাগানের মালিকেরা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে চান, আসলে তাঁরা আমে ফরমালিন দিয়েছেন কি না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা নিশ্চয়তা দিয়ে বাগানমালিকদের জানান, আমে ফরমালিন মেশানো হয়নি। এর পর থেকে বাগানমালিকদের সন্দেহ দানা বাঁধে।খাগড়াছড়ি সদরের আমবাগানের মালিক সানু মং মারমা, অনিমেষ চাকমা, বাবু মারমা, বাবুচ্যি মারমাসহ কমপক্ষে ১০ জন গত শনিবার পৌরসভার মেডিকেল টেকনোলজিস্ট অমর বিকাশ চাকমাকে নিয়ে খাগড়াছড়ি পাহাড়ি গবেষণাকেন্দ্রে যান। তাঁরা গবেষণাকেন্দ্রের গাছ থেকে পাড়া তরতাজা আম, পাকানোর জন্য আগে থেকে পাড়া আম ও কেন্দ্রে দেশীয় জাতের—এই তিন ধরনের আম ফরমালিন শনাক্তকরণ যন্ত্রে পরীক্ষা করেন। যন্ত্রে সদ্য পাড়া আমে ২৬ দশমিক ২৬ মাত্রা, পাকানোর জন্য সংরক্ষণ করা আমে ৪ দশমিক ১৯ ও দেশি আমে ৮ দশমিক ৩০ মাত্রার ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়।যন্ত্রে পরীক্ষা করার সময় খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্লাহ্ও উপস্থিত ছিলেন। তিনি বলেন, গবেষণাকেন্দ্রে আমে ফরমালিন দেওয়ার প্রশ্নই ওঠে না। রোগবালাই থেকে আমকে রক্ষা করার জন্য অবশ্যই কীটনাশক, ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করা হয়। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, যন্ত্রটি আসলে ফরমালিনের অস্তিত্বের তথ্য দিচ্ছে, নাকি আমের অন্য রাসায়নিকের তথ্য দিচ্ছে?ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি ডিজিটাল। এটি স্বয়ংক্রিয়ভাবে ফরমালিন শনাক্ত করতে পারে। ব্যবহূত যন্ত্রটির নাম ফরমালডিহাইড মিটার। মডেল নং জেড-৩০০। এর দেশীয় সরবরাহকারী হচ্ছে ট্রেসার ইলেকট্রোকম।খাগড়াছড়ির মেয়র রফিকুল আলম বলেন, পৌরসভার অর্থ ব্যয় করে যন্ত্রটি তিন মাস আগে কেনা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে আমবাগানের মালিকদের আশ্বস্ত করেন।জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, শনাক্তকরণ যন্ত্রটি বিদেশে তৈরি। যন্ত্রটি সঠিক তথ্য দেবে, এর নিশ্চয়তা কোম্পানি থেকে দেওয়া আছে। তবু এ ব্যাপারে আলোচনা করে দেখা হবে।