ফরমালিন শনাক্তকরণ যন্ত্র ফেলে রাখা হয়েছে
রংপুর সিটি বাজারকে ফরমালিনমুক্ত করতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র হস্তান্তর করা হলেও এটি এক দিন ব্যবহার করে আর ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।রংপুরের সবচেয়ে বড় বাজার সিটি বাজারে ফরমালিনযুক্ত মাছ, শাকসবজি, ফলমূল বিক্রির অভিযোগ ওঠায় এফবিসিসিআইয়ের উদ্যোগে রংপুর শিল্প ও বণিক সমিতির সহযোগিতায় এবং ঢাকা ব্যাংকের অর্থায়নে রংপুর সিটি বাজারকে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র হস্তান্তর করা হয় গত ২ এপ্রিল। এ উপলক্ষে ওই দিন শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।ব্যবসায়ীরা মাছ, ফলমূলসহ যেসব শাকসবজি নিয়ে আসবেন, বাজার কমিটি এই যন্ত্র দিয়ে তা পরীক্ষা করে বাজারে বিক্রির অনুমোদন দেওয়ার কথা। হস্তান্তরের পরের দিন ৩ এপ্রিল যন্ত্রটি ব্যবহার করা হলেও এরপর থেকে এটি ব্যবহার করা হচ্ছে না। ফলে রংপুর সিটি বাজার ফরমালিনমুক্ত করার ঘোষণা দেওয়া হলেও তা এক দিন পরেই ভেস্তে যায়। এ অবস্থায় রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সিটি বাজার ব্যবসায়ী সমিতিকে সম্প্রতি একটি চিঠি দিয়েছে। শিল্প ও বণিক সমিতির সভাপতি মোছাদ্দেক হোসেন বলেন, ‘অনেক আশা নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে সিটি বাজার ব্যবসায়ী সমিতির কাছে যন্ত্রটি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু আমরা জানতে পেরেছি, যন্ত্রটি ফেলে রাখা হয়েছে। তাই বাজার ব্যবসায়ী সমিতিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে শিল্প ও বণিক সমিতি লোক দিয়ে যন্ত্রটির মাধ্যমে পণ্য পরীক্ষা করবে। এ কারণে যন্ত্রটি স্থাপনের জন্য বাজার ব্যবসায়ী সমিতির কাছে একটি জায়গা চাওয়া হয়েছে। জায়গা এখনো নির্ধারণ করে দেওয়া হয়নি।’ সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুসলিম উদ্দিন যন্ত্রটি বন্ধ রাখার কথা স্বীকার করে বলেন, লোকবল না থাকায় তা বন্ধ রয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসের আগে স্থান নির্ধারণ করে যন্ত্রটি চালুর উদ্যোগ নেওয়া হবে।