ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি চালু না রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি বাজারে সরবরাহ করা ফরমালিন শনাক্ত করার যন্ত্রটি ওই বাজারের ব্যবসায়ী সমিতি চালু রাখছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে রংপুর শিল্প ও বণিক সমিতি গত শনিবার যন্ত্রটি ফেরত চেয়ে সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদন করেছেন।ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, বণিক সমিতি বাজারের একটি নিজস্ব স্থানে স্থাপন করে যন্ত্রটি চালু করবে।রংপুর শিল্প ও বণিক সমিতি সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল তাঁরা ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি সিটি বাজার ব্যবসায়ী সমিতির কাছে হস্তান্তর করে। একদিন চালু রাখার পর ব্যবসায়ীরা যন্ত্রটি বাক্সবন্দী করে রাখেন। এ নিয়ে ৩ জুলাই প্রথম আলোতে ‘ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি ফেলে রাখা হয়েছে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর বণিক সমিতির পক্ষ থেকে বাজার কমিটিকে চিঠি দিয়ে যন্ত্রটি চালু করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এর পরও যন্ত্রটি চালু করা হয়নি। বিকল হয়ে যাওয়ায় যন্ত্রটি চালু করা যাচ্ছে না ১৭ জুলাই ব্যবসায়ীরা বণিক সমিতিকে বলে জানান। এরপর বণিক সমিতি ব্যাটারি পাল্টালে তা সচল হয়। কিন্তু গত শনিবার তা পুনরায় খারাপ দেখানো হয়। সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ জানান, যন্ত্রটি স্থাপনের জন্য সিটি বাজারের একটি স্থান তাঁদের দেওয়া হবে।