ফরমালিনবিরোধী অভিযানের সময় সড়ক অবরোধ, পুলিশের গুলি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ফরমালিনবিরোধী অভিযান চালিয়ে জরিমানা ও বিপুল পরিমাণ আম ধ্বংস করায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছেন ব্যবসায়ীরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ অভিযানে উপস্থিত সবাইকে ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়াসহ শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে পুলিশ ফরমালিনবিরোধী প্রচার চালায়। গত পাঁচদিনে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মোট ২৩২ মণ আম ধ্বংস এবং কমপক্ষে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে আজ সন্ধ্যায় রাজশাহীর অন্যতম বড় আমের বাজার পুঠিয়ার বানেশ্বরে অভিযান চালায় পুলিশ। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদসহ আরও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযানে নেতৃত্ব দেন। আদালত অতিরিক্ত মাত্রার ফরমালিন পাওয়ায় ৭০ মন আম জব্দ করেন।
ওই ঘটনার পর সন্ধ্যা ছয়টার দিকে বানেশ্বরের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন এবং রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করে অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ঘেরাও করেন। এ সময় ব্যবসায়ীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন এবং দুটি বাস ভাঙচুর করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৫টি গুলি ছোড়ে। ঘটনাস্থলে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’