ফরমালিনমুক্ত বাজারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনমুক্ত বাজারের দাবিতে গতকাল বুধবার দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন চট্টগ্রাম নগরের ফলমন্ডির ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা।
প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন থেকে ফরমালিন আমদানি, বিক্রি ও বিতরণের ভার ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) ওপর দেওয়ার দাবি জানানো হয়। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, তাঁরা চান ফরমালিনমুক্ত বাজার তৈরি করতে।
মানববন্ধনে ব্যবসায়ীরা বেসরকারিভাবে ফরমালিন আমদানি বন্ধের দাবি জানান। ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরাও ফরমালিনমুক্ত বাজার গড়তে প্রস্তুত। এ জন্য ফলমন্ডিতে ফরমালিন পরীক্ষার জন্য একটি মেশিন বসানোর দাবি করছি।’
গতকাল বেলা সোয়া ১১টার দিকে নগরের বিআরটিসি মোড়ের ফলমন্ডির পাইকারি ও খুচরা দোকানগুলো একে একে সব বন্ধ হয়ে যায়। এরপর মালিক-কর্মচারীরা সবাই দাঁড়িয়ে পড়েন সড়কে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানববন্ধন দীর্ঘ হতে থাকে।
ব্যবসায়ীরা বলেন, ফলমন্ডিতে ছোট-বড় অন্তত ৫০০ ব্যবসায়ী রয়েছেন। সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলমগীর। দুপুর সোয়া ১২টার দিকে কর্মসূচি শেষ হয়।