ফরমালিনমুক্ত ভোলা শুধু সাইনবোর্ডে
ভোলার বিভিন্ন গলির মোড়ে, ফলের দোকানে ও বাজারে লেখা ‘ফরমালিনমুক্ত ভোলা’। বারবার জরিমানা গুনে ব্যবসায়ীরাও চাইছেন, ভোলা ফরমালিনমুক্ত হোক। কিন্তু ফরমালিনমুক্ত ভোলা গড়ার প্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে মনে করছেন ভোলার বিশিষ্টজনেরা।ভোলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলামের ভাষ্যমতে, ফরমালিনের আতঙ্কে দুই বছরে ফলের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। এ ছাড়া প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফল ব্যবসায়ীদের জরিমানা করেছে, এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীরা চান না ফরমালিনযুক্ত ফল বিক্রি করতে। তিনি আরও জানান, ভোলাকে ফরমালিনমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে প্রায় দেড় মাস আগে। কিন্তু এক সপ্তাহ আগে বাজারের দু-একজন ফল ব্যবসায়ীকে ফরমালিন পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ভোলার সব ফল ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হোক। যাঁরা প্রশিক্ষণ পেয়েছেন, তাঁদের পরীক্ষার ওষুধ (দ্রবণ) দেওয়া হয়নি। ফলে তাঁরা এখন বুঝতে পারছেন, কী ফল কিনছেন, কী ফল বিক্রি করছেন।প্রায় একই কথা বলেন কাঁচাবাজার তরকারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছগির আহমেদ। তিনি জানান, অসময়ে আসা টমেটো ও গাজরের মধ্যে ফরমালিন থাকতে পারে। কিন্তু ওষুধের জন্য পরীক্ষা করা যাচ্ছে না। ভোলা দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া জানান, দুধ ব্যবসায়ীরা এখন গ্রাম থেকে দুধ এনে বিভিন্ন এলাকায় বাজার বসিয়ে দুধ বিক্রি করছেন। আগে চৈত্র মাসে দুধ ব্যবসায়ীরা সোডা ব্যবহার করলেও এখন ফরমালিন ব্যবহার করেন। তবে দুধের নির্ধারিত বাজারে প্রায়ই পরীক্ষা হয়। কয়েকজন ব্যবসায়ী প্রশিক্ষণও পেয়েছেন। তাঁরা অনেকটা সচেতন। কিন্তু অনেকেই আইনের তোয়াক্কা না করে ফরমালিন মেশাচ্ছেন।মাছবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাগন আলীর ভাষ্য, জেলার বাইরের মাছ এলেই পরীক্ষা করা হয়। অনেকে বাজারের বাইরে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করেন। তাঁদের প্রশাসনের ধরা উচিত। তবেই ফরমালিনমুক্ত ভোলা গড়া সম্ভব।ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কেবল ভোলা শহরকে ফরমালিনমুক্ত ঘোষণা করেছি। ধীরে ধীরে পুরো জেলাকে এর আওতায় আনা হবে। এ জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি ও আগামী এক সপ্তাহের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত সব ব্যবসায়ীর কাছে ওষুধ পৌঁছে দেওয়া হবে।