ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত বৃহস্পতিবার ফলের দোকান ও হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (মৌলভীবাজার) সহকারী পরিচালক মো. আল আমীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার হবিগঞ্জ সড়কের ক্লাসিক ফল ভান্ডার, মৌসুমী ফল ভান্ডার, বেলাল ফল ভান্ডার ও জেসমিন ফল ভান্ডারে অভিযান চালান। দোকানগুলোতে আম পরীক্ষা করে তাতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ফরমালিনযুক্ত আম ধ্বংস করা হয়। এ ছাড়া আদালত নতুন বাজারের হোটেল আল-নূরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তিন হাজার টাকা জরিমানা করেন।আদালতকে সহায়তা করেন এসআই ময়নুল হোসেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কদর আলী, কনজুমার রাইটস সোসাইটি শ্রীমঙ্গলের পরিদর্শক মো. মুছাদ্দিক আহমেদ ও বাদল দেবনাথ।