ফরমালিনযুক্ত দেড় হাজার মণ আম ধ্বংস
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে পাঁচ ট্রাক ফরমালিনযুক্ত আম ও এক ট্রাক লিচু আটক করেন ভ্রাম্যমাণ আদালত৷ পরে ফরমালিনযুক্ত প্রায় দেড় হাজার মণ আম ও বিপুল পরিমাণ লিচু ধ্বংস করা হয়৷
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাসহ আশপাশের ফল ব্যবসায়ীরা রাজশাহী থেকে প্রতিদিন ট্রাকে করে প্রচুর আম ও লিচু আনেন৷ রাজশাহীতেই এসব ফলে ফরমালিন মেশানো হয়৷ এগুলো যাতে ঢাকায় পৌঁছতে না পারে, সে জন্য গত শনিবার েথকে চন্দ্রা ত্রিমোড়ে তল্লাশিচৌকি বসানো হয়৷ গতকাল ফরমালিনযুক্ত পাঁচ ট্রাকবোঝাই প্রায় দেড় হাজার মণ আম এবং এক ট্রাক লিচু জব্দ করে মহাসড়কে ঢেলে ধ্বংস করা হয়৷ এ ছাড়া ফরমালিনযুক্ত ফল রাখায় ব্যবসায়ী সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করে কালিয়াকৈর থানার পুলিশ৷ এই থানার উপপরিদর্শক (এসআই) সজিব খান বলেন, ৫০ থেকে ৬০ জন ব্যবসায়ী ওই সব ফল ঢাকা, গাজীপুরের বিভিন্ন বাজারে নিচ্ছিলেন। একটি ট্রাকে একজন ব্যবসায়ীকে পাওয়া যায়৷ তাঁকে জরিমানা করা হয়েছে৷ বাকি ট্রাকগুলোর সঙ্গে কোনো ব্যবসায়ী না থাকায় শুধু ফলগুলো ধ্বংস করা হয়৷