ফরমালিনযুক্ত ফল বিক্রি, ৮৫ হাজার টাকা জরিমানা
রাজধানীর চারটি এলাকায় অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে ১০টি ফলের দোকানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন দুটি ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল শনিবার এই অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ আম, লিচু ও আপেল ধ্বংস করা হয়।
হাতিরপুলে ঢাকা ফ্রুট নামের একটি দোকানে অভিযান চালিয়ে ৮০ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস করেন আদালত। দোকানটিকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা। একই আদালত ধানমন্ডিতে আল আমিন ও আশরাফের ফলের দোকানের ১১০০ কেজি আম ধ্বংস করে ফেলেন। পাশাপাশি দুজনকেই তিন মাসের কারাদণ্ড দেন। এখানে নায়েক শেখের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের হাকিম শিলু রায় এই আদালতের নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আসিফ খান৷
আরেকটি আদালত কারওয়ান বাজারের মা বাণিজ্যালয়ের সাত মণ আম ধ্বংস ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এই আদালতই মোহাম্মদপুরের টাউন হল বাজারের আল আমিনের ফলের দোকানের তিন ঝুড়ি আম ধ্বংস ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এই বাজারের আনোয়ার ফল ভান্ডারের চার ঝুড়ি আম ও দুই ঝুড়ি লিচু ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইলিয়াসের ফলের দোকানের দুই ঝুড়ি লিচু ধ্বংস করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। হারুন ফল ভান্ডারের তিন ঝুড়ি আম ও তিন ঝুড়ি লিচু ধ্বংস করে জরিমানা করা হয় ১৫ হাজার টাকা। তরিকুল ইসলামের ফলের দোকানের পাঁচ ঝুড়ি আম ও তিন ঝুড়ি লিচু ধ্বংসের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ার হোসেনের পাঁচ ঝুড়ি আম ও আপেল ধ্বংস করে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত৷
জেলা প্রশাসনের হাকিম সিফাতি জাহান আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আফসানা হোসেন। বিজ্ঞপ্তি৷