ফরমালিনযুক্ত বিপুল ফল ধ্বংস, সাতজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফল ধ্বংস করা হয়েছে৷ এসব ঘটনায় দুটি প্রতিষ্ঠান ও এক ব্যবসায়ীকে জিরমানা করা হয়৷ সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়৷
প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: পলাশ উপজেলায় ছয় ট্রাক ফরমালিনযুক্ত আম জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল দুপুরে ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় আমগুলো ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খানম। এ সময় ফরমালিনযুক্ত আম পরিবহনের সঙ্গে জড়িত থাকার দায়ে সাতজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নাটোরের মো. মোহন আলী, রাজশাহীর বাঘার মো. রফিকুল ইসলাম, পাহাড়পুর এলাকার আ. জলিল, গোদাগাড়ী উপজেলার মো. রবিউল আওয়াল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোলাম মাহবুব, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শফিকুল ইসলাম ও বগুড়ার গাবতলীর নাসির মণ্ডল।
নারায়ণগঞ্জ: গতকাল দুপুরে শহরের চারারগোপ এলাকায় পাইকারি ফলের আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ শতাংশ আম ও আনারসে মাত্রাতিরিক্ত ফরমালিন পাওয়া যায়৷ ধ্বংস করা হয় পাঁচ মণ আম ও বিপুল পরিমাণ আনারস৷ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক উপসচিব মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাসনিম জেবিনের উপস্থিতিতে পরিচালিত হয় এ অভিযান। ভ্রাম্যমাণ আদালত রানীগঞ্জ বাণিজ্যালয় ও বাবু বাণিজ্যালয়কে আম ও আনারসে ফরমালিন মেশানোর দায়ে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন৷
মুন্সিগঞ্জ: লৌহজং উপজেলার মাওয়ায় ফরমালিনযুক্ত ফলের বিরুদ্ধে তল্লাশিচৌকি বসিয়ে অভিযান চালানো হচ্ছে৷ গতকাল সারা দিনে দেড় শতাধিক বস্তা ফরমালিনযুক্ত আম ও মাল্টা জব্দ করা হয়েছে৷ ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত মো. খলিল নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন৷ পরে জব্দ করা আম ও মাল্টা মাওয়া চৌরাস্তায় ধ্বংস করা হয়৷ এর আগে গত সোমবার একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে প্রায় দেড় শতাধিক বস্তা ফরমালিনযুক্ত মাল্টা ও আপেল জব্দ করা হয়৷
মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় ফরমালিনযুক্ত এক হাজার ২০০ কেজি চেরিফল ধ্বংস করা হয়েছে। জেলা নির্বাহী হাকিম টিনা পালের উপস্থিতিতে গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব ফল মুলজান এলাকায় বুলড্রোজার দিয়ে ধ্বংস করে পুলিশ৷ পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী যানবাহনে ফরমালিনবিরোধী অভিযান শুরু হয়েছে।