ফরমালিনযুক্ত রাজনীতি করছেন নেতারা: ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিকেরা ফরমালিনযুক্ত রাজনীতি করছেন। তাঁদের ফরমালিনমুক্ত রাজনীতি করতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউ মার্কেটে বনলতা কাঁচাবাজারকে ‘ফরমালিনমুক্ত বাজার’ ঘোষণার সময় এ কথা বলেন যোগাযোগমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে এই বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস ও এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন।
রাজনীতিকদের ফরমালিনমুক্ত বিশুদ্ধ রাজনীতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিযুক্ত রাজনীতি খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর মতোই ক্ষতিকর।
পদ্মা সেতু প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক যেভাবে নকশা ও পরিকল্পনা করে গেছে, সে অনুযায়ীই পদ্মা সেতু হচ্ছে। শুধু টাকাটা নিজস্ব। তিনি জানান, আগামী জুনের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর আগস্টে সাত কোটি টাকা ব্যয়ে নদী শাসনের কাজ শুরু হবে।
অনুষ্ঠানে নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র হস্তান্তর করা হয়। প্রতিদিন সকালে এই যন্ত্রের মাধ্যমে খাদ্যপণ্য পরীক্ষার মাধ্যমে বাজারে তা বিক্রির জন্য ওঠানো হবে।
এফবিসিসিআইয়ের উদ্যোগে এ নিয়ে রাজধানী ঢাকার ১০টি এবং ঢাকার বাইরে আটটি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।