ফরমালিনযুক্ত ৯৯ টন আম জব্দ, দুজনকেদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে আচার তৈরির জন্য সংরক্ষণ করা ফরমালিনযুক্ত ৯৯ টন আম জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই আম জব্দ করেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আদালত প্রাণ কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মুরাদ হোসেন ও স্থানীয় এজেন্ট আবদুল মজিদকে দুই বছর করে কারাদণ্ড এবং এক লাখ ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে জব্দ করা ওই আম ধ্বংসের ব্যায় বহনের জন্য গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বুধবার প্রাণের মহাব্যবস্থাপককে চিঠি দিয়েছেন। ইউএনও বলেন, উচ্চমাত্রায় ফরমালিন মিশ্রিত এই বিপুল পরিমাণ আম ধ্বংস করতে ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা। এই ব্যয় সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়। কোম্পানি যদি ব্যয়ভার বহন না করে, তবে প্রাণের ৮৭৮টি বড় ড্রাম বিক্রির অর্থ দিয়ে ধ্বংসকাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

স্থানীয় ব্যক্তিরা জানান, ওই গ্রামের আবদুল মজিদের বাড়িতে আম কেটে উচ্চমাত্রায় ফরমালিন ও ভিনেগার মিশিয়ে ৮৭৮টি ড্রামে ভর্তি করে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ওই আম জব্দ এবং ওই দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তাসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা বিএসটিআইয়ের পরীক্ষক মাসুম বিল্লাহ জানান, মানবদেহে ফরমালিনের সহনীয় মাত্রা শূন্য। সেখানে আচার তৈরির জন্য সংরক্ষিত ওই আমে ১৮০ পিপিএম মাত্রায় ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে; যা খেলে মানবদেহের কিডনি ও ফুসফুস দ্রুত নষ্ট হয়ে প্রাণহানি ঘটতে পারে।

আবদুল মজিদ জানান, ৫ মে ২০০ টন আম দেওয়ার জন্য প্রাণ কোম্পানির সাব এজেন্ট ঢাকার গাবতলীর সেন্ট্রাল মার্কেটের মামা গ্রুপের সঙ্গে তাঁর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে আম সংগ্রহ করে তাঁর বাড়িতেই তা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ হচ্ছিল। এ জন্য প্রাণ কোম্পানি তাঁকে আর্থিক সুবিধা দিত। এর তত্ত্বাবধানে ছিলেন মামা গ্রুপের খলিলুর রহমান নামের এক কর্মচারী।

নিজেকে নির্দোষ দাবি করে মজিদ অভিযোগ করেন, ওই গ্রুপের লোকজনই আমে ফরমালিন ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছেন।

মুরাদ হোসেন নিজেকে প্রাণ কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা দাবি করে জানান, এই আম আচার তৈরির জন্য এজেন্টদের মাধ্যমে কেনা হচ্ছিল। কোম্পানির নির্দেশেই তিনি এই মিনি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শনে মেহেরপুর আসেন। তাঁর অজান্তেই আমে বিষাক্ত ফরমালিন মেশানো হয় বলে তিনি দাবি করেন।