ফরমালিনের আমদানি, বিক্রি বিতরণ নিয়ন্ত্রণের সুপারিশ
ফরমালিনসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেন সবার হাতে না যায়, সে জন্য এসব পণ্য আমদানি, বিক্রি ও বিতরণে নিবিড় তদারকি এবং কঠোর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে পণ্যের মাননিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই।খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী অভিযান জোরদারকরণ-সম্পর্কিত আন্তমন্ত্রণালয় সভায় এ সুপারিশ করা হয়। গতকাল সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এ সভা হয়। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সভায় খাদ্যপণ্য, ফলমূল, মাছ, ফার্মের মুরগি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় খাবারে ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম সাইক্লামেট, ইথোফেন ও হাইড্রোজের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থের অস্বাভাবিক উপস্থিতি নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ করা হয়। এসবের বিরুদ্ধে সিটি করপোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে সমন্বিত ভেজালবিরোধী অভিযান পরিচালনার সুপারিশ করা হয়।সভায় ভেজালবিরোধী অভিযানে অহেতুক হয়রানি বন্ধে বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য বিধিমালা, ১৯৬৭-এর আধুনিকায়ন করার সুপারিশও করা হয়। এ ছাড়া ভেজালবিরোধী কার্যক্রমের সাফল্য মূল্যায়ন করতে নিয়মিত আন্তমন্ত্রণালয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের মাত্রা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে মাঠপর্যায়ে জনগণকে সচেতন করা এবং এ জন্য গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানোর সুপারিশ করেন কর্মকর্তারা। তাঁরা স্থানীয় সরকার বিভাগের অধীন জাতীয় খাদ্যনিরাপত্তা পরামর্শক কাউন্সিলকে (ন্যাশনাল ফুড সেফটি অ্যাডভাইজরি কাউন্সিল) আরও সক্রিয় করার ওপরও গুরুত্ব দেন।পণ্যের গুণমান নিশ্চিত করতে বিএসটিআই থেকে যে ১৫৫টি পণ্যের বাধ্যতামূলক মানসনদ নিতে হয়, তা কঠোরভাবে তদারকির নির্দেশ দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, অতিরিক্ত শিল্পসচিব এ বি এম খোরশেদ আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।