ফরমালিনের যত্রতত্র ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের নোটিশ
ফরমালিনের যত্রতত্র ব্যবহার নিষিদ্ধ করতে আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। তারা বেসরকারি উদ্যোগে ফরমালিন আমদানি নিষিদ্ধ, কেবল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফরমালিন আমদানি ও তদারকির মাধ্যমে এর ব্যবহার নিয়ন্ত্রণের জন্য সাত মেয়র ও মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের প্রধানদের আইনি নোটিশ পাঠিয়েছে। গতকাল সোমবার এ নোটিশ পাঠানো হয়। বেলার আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পক্ষে বেলা এ নোটিশ পাঠিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র ছাড়াও স্থানীয় সরকার, বাণিজ্য, বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণী, খাদ্য, শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার পুলিশ কমিশনার, ভ্যাট বিভাগ এবং চট্টগ্রাম ও বেনাপোলের কাস্টম হাউসের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনে আমদানি করা ফরমালিন অবাধে বিক্রি এবং তা বিভিন্ন খাদ্যদ্রব্যে মেশানো হচ্ছে। মৎস্য অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এটা স্পষ্ট যে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে।