ফরমালিন-সংকটে ভিসেরা সংরক্ষণে জটিলতা
ফরমালিন-সংকটের কারণে ফেনী সদর হাসপাতালে ভিসেরা সংরক্ষণে তীব্র সমস্যা দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মরদেহের ময়নাতদন্ত করতে ভিসেরা সংরক্ষণের জন্য ফরমালিন দরকার। ফরমালিন ছাড়া ভিসেরা সংরক্ষণ করা যায় না। ফরমালিন ছাড়া ভিসেরা সংরক্ষণ করা হলে তা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ফেনী সদর হাসপাতালের ডোম আবদুর রহিম জানান, তিনি এত দিন বিভিন্ন স্থান থেকে নানা কায়দায় ফরমালিন জোগাড় করতেন। আগে অনেকের কাছে ফরমালিন কিনতে পাওয়া যেত। কিন্তু কড়াকড়ির কারণে তাঁরা ফরমালিন বিক্রি বন্ধ করে দিয়েছেন। এ কারণে কয়েক মাস ধরে কোথাও ফরমালিন পাওয়া যাচ্ছে না।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফরমালিনের জন্য বরাদ্দ না থাকলেও ডোম নানা কায়দায় ফরমালিন জোগাড় করতেন। তিনি বলেন, খাদ্যদ্রব্যে ফরমালিনের অপব্যবহার রোধে সরকার কঠোর হয়েছে। এ জন্য কয়েক মাস ধরে ফরমালিন দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। তাই মৃতদেহের ভিসেরা সংরক্ষণ কষ্টকর হয়ে গেছে।
হাসপাতাল সূত্র জানায়, গত জুলাইয়ের শেষ দিকে ফরমালিন সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে (হাসপাতাল শাখা) চিঠি পাঠানো হয়েছে। কিন্তু চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রয়োজনীয় ফরমালিন সরবরাহ করা না হলে ভবিষ্যতে মরদেহের ভিসেরা সংরক্ষণ ও ভিসেরা পরীক্ষা বন্ধ হয়ে যাবে।