ফরহাদ মজহার উদ্ধার হওয়ায় হেফাজতের ধন্যবাদ
কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার ‘অপহৃত’ হওয়ার পর ত্বরিত পদক্ষেপ নিয়ে তাঁকে উদ্ধার করায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘দেশের এক নগণ্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।’
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান, স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ান। হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সব নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।’
বিবৃতিদাতারা হলেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুঈনুদ্দীন রুহী প্রমুখ। বিজ্ঞপ্তি।