ফরহাদ মজহারকে আইনের আওতায় আনার দাবি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কলাম লেখক ফরহাদ মজহারকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। আজ বুধবার ইউনিয়নের পাঠানো এক বিবৃতিতে ফরহাদ মজহারকে ‘গণমাধ্যমের শত্রু’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো, তারা নিরপেক্ষপ তো নয়ই, একই সঙ্গে তারা গণবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয়, আমি তাদেরই দায়ী করি। ...আমি তো মনে করি, এই পটকা ফোটানোটা খুব কমই হয়েছে। আরও বেশি হওয়া উচিত ছিল।’ তিনি তাঁর মতাদর্শের কতিপয় মিডিয়ার নাম ধরে বলেন, ‘যারা সেই সকল মিডিয়ার পক্ষে যাবে না, তাদের বোমা মারাই উচিত ...।’
বিএফইউজের মহাসচিব আবদুল জলির ভূঁইয়া স্বাক্ষরিত আজকের বিবৃতিতে বলা হয়, গত তিন দিনে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, ফরহাদ মজহার তাতে সরাসরি উসকানি দিয়েছেন। এ ছাড়া বিবৃতিতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদকে টক শোতে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়।
ফিরোজ রশিদ ওই একই টক শোতে বলেন, মিডিয়া কোনো রাজনৈতিক শক্তির প্রতিপক্ষ হলে সেই শক্তির অধিকার আছে মিডিয়ার ওপর হামলা চালানোর।’
বিএফইউজের নেতারা গত কয়েক দিনে যারা এই হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের চিকিত্সার খরচ, তাদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুরের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিএনপিসহ ১৮ দলের প্রতি আহ্বান জানান।
বিএফইউজের বিবৃতিতে বলা হয়, তিন দিনের হরতাল শুরুর পর পরিকল্পিতভাবে ঢাকাসহ সারা দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। পত্রিকাবাহী গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
আহত সাংবাদিকেরা হলেন এটিএন বাংলার ক্যামেরাপারসন মো. ফরিদ উদ্দিন, বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান নাছির উদ্দিন, এটিএন বাংলার রিপোর্টার আবুল হাসনাত, চ্যানেল ৭১-এর জ্যেষ্ঠ নিউজরুম এডিটর জাকারিয়া বিপ্লব, ভিডিও চিত্রগ্রাহক আলমগীর হোসেন, যশোরে দৈনিক সমাজের কথার সাংবাদিক লাবুয়াল হক, বৈশাখী টেলিভিশনের যশোর সংবাদদাতা সাকিরুল কবীর রিটন, চ্যানেল টোয়েন্টিফোরের ঢাকার প্রতিবেদক রাশেদ নিজাম, আরটিভির নাটোরের ভিডিও চিত্রগ্রাহক শেখ তোফাজ্জল হোসাইন এবং সময় টেলিভিশনের রাজশাহীর ভিডিও চিত্রগ্রাহক আবদুস সালাম।
এ ছাড়া দেশ, মোহনা টিভি ও ভোরের কাগজসহ বিভিন্ন মিডিয়ায় পরিকল্পিতভাবে বোমা হামলা চালানো হয়। দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোসহ পত্রিকাবাহী বেশ কয়েকটি গাড়িতে এবং বিটিভি, দৈনিক সংগ্রাম, জিটিভি অফিস ও এসএ টেলিভিশনের গাড়িতেও হামলা চালানো হয়।
সাংবাদিক নেতারা মিডিয়ার ওপর বেধড়ক এই হামলার নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ মতপ্রকাশের স্বাধীনতার ওপরই আক্রমণ।