বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং এর অঙ্গ ইউনিয়নের নেতারা বলেছেন, ‘একুশের রাত’ অনুষ্ঠানে ফরহাদ মজহারের বক্তব্যে যে ফ্যাসিবাদী চেহারা বেরিয়ে এসেছে, স্বভাবসুলভ চতুরতায় তিনি তা আড়ালের চেষ্টা করছেন।
ফরহাদ মজহারের বক্তব্য প্রত্যাখ্যান করে গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিচার চেয়ে বিএফইউজের বিবৃতির পরিপ্রেক্ষিতে ওই লেখক তাঁর বক্তব্য সঠিকভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা হয়নি বলে বক্তব্য দেন।
বিবৃতিতে বলা হয়, গত ৬০ ঘণ্টার হরতালে সাংবাদিকদের বাসভবন, গণমাধ্যম ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর প্রতিবাদ জানিয়েছে সুশীল সমাজ। এর সমালোচনা না করে
বরং ফরহাদ মজহার বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম। আমি তো মনে করি, এই পটকা ফোটানোটা খুব কমই হয়েছে। মূলত আরও বেশি হওয়া উচিত ছিল।’
এতে বলা হয়, ‘তিনি দেশের সব গণমাধ্যম ও এর সম্পাদকদের আসামির কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা করেছেন। আমরা মনে করি, নানা অপরাজনীতির ছোবলে বিধ্বস্তপ্রায় গণতন্ত্রের এই দেশে গণমাধ্যমগুলো নানা সীমাবদ্ধতার মধ্যেও মানুষের কণ্ঠ তুলে ধরার চেষ্টা করছে, গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করছে।’
বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকসহ বিএফইউজের অঙ্গ ইউনিয়নের নেতারা বিবৃতিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি