ফরহাদ মজহারের বিরুদ্ধে জিডি

গণমাধ্যমের ওপর হামলা চালানোর উস্কানি দেওয়ার অভিযোগে লেখক ফরহাদ মজহারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। আজ বুধবার রাত ১০ টার পর তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এই জিডি করেন।
পুলিশ জানায়, জিডিতে বলা হয়েছে বেসরকারি একটি টিভি চ্যানেলে ফরহাদ মজহার গণমাধ্যমের ওপর হামলা হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন তা উস্কানিমুলক। পুলিশ মনে করছে, গণমাধ্যমের ওপর হামলা চালাতে ফরহাদ মজহার দুস্কৃতকারীদের উসেক দিয়েছেন। এতে প্রভাবিত হয়ে দুস্কৃতকারীরা সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর বোমা বা ককটেল হামলা করেছে।
জিডির বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের অনুমতি নিয়ে পুলিশ ফরহাদ মজহারের বিরুদ্ধে দায়ের হওয়া জিডির তদন্ত করবে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
গত রোববার রাতে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আহূত হরতালের প্রথমদিনে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে ফরহাদ মজহার বলেছিলেন, সাংবাদিকেরা একদেশদর্শী ভূমিকা পালন করায় সন্ত্রাসী কর্মকান্ড বাড়ছে। এ কারণে গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি অনিবার্য হয়ে উঠেছে।