ফরহাদ মজহারের বিরুদ্ধে জিডি করেছে পুলিশ
গণমাধ্যমের ওপর হামলা চালানোর উসকানি দেওয়ার অভিযোগে লেখক ও মানবাধিকারকর্মী ফরহাদ মজহারের বিরুদ্ধে গতকাল বুধবার তেজগাঁও থানায় জিডি করেছে পুলিশ। রাত ১০টার পর তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন এ জিডি করেন।
পুলিশ জানায়, জিডিতে বলা হয়েছে, বেসরকারি একটি টিভি চ্যানেলে ফরহাদ মজহার গণমাধ্যমের ওপর হামলা হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন, তা উসকানিমূলক। পুলিশ মনে করছে, গণমাধ্যমের ওপর হামলা চালাতে ফরহাদ মজহার দুষ্কৃতকারীদের উসকে দিয়েছেন। এতে প্রভাবিত হয়ে দুষ্কৃতকারীরা সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর বোমা বা ককটেল হামলা চালাচ্ছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আদালতের অনুমতি নিয়ে পুলিশ এই জিডির তদন্ত করবে। তদন্ত শেষে ব্যবস্থা নেবে পুলিশ।
গত রোববার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে ফরহাদ মজহার বলেছিলেন, সাংবাদিকেরা গণতন্ত্রের পথে অন্তরায়। এ কারণে সাংবাদিকদের ওপর বোমা বা ককটেল মারা উচিত।