বিএনপি বিলীন হওয়া না-হওয়া নিয়ে বাগিবতণ্ডায় জড়ালেন কলামলেখক ফরহাদ মজহার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, আমার দেশ প্রকাশ, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও বাকস্বাধীনতা রক্ষার দাবি’ শীর্ষক সভায় এ ঘটনা ঘটে। সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিস্থিতি সামাল দেন।
ফরহাদ মজহার বলেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের গণতান্ত্রিক আন্দোলনে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। তার পরও ফ্যাসিস্টরাই ক্ষমতা আঁকড়ে আছে। অনেকেই বলছে, জনমানুষের আকাঙ্ক্ষায় আন্দোলনের কৌশল পরিবর্তন না করলে বিএনপি বিলীন হয়ে যেতে পারে। বিএনপিকে কঠোর কর্মসূচি দেওয়া উচিত।
ফরহাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপি কখনো বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বলা হয়েছিল বিএনপি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বিএনপি এগিয়ে গেছে। যাঁরা বলেন বিলীন হয়ে যাবে, তাঁদের ধারণা সঠিক নয়।
এর পরই মঞ্চে বসা ফরহাদ মজহার দাঁড়িয়ে বলেন, ‘আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। আমরা পেশাজীবী। আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি, আমার সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। আমরা কেউ সরাসরি রাজনীতি করি না। বক্তব্য মনঃপূত না হলে ডাকেন কেন।’
এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মির্জা ফখরুল ও অন্যরা তাঁদের শান্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের উত্থান-পতনে হতাশ না হয়ে সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ কথা ভাবার কারণ নেই যে বিএনপি পিছিয়ে পড়েছে। তিনি বলেন, এটা ঠিক ওই আন্দোলনে বিএনপির নেতা-কর্মীরা চরম ত্যাগ স্বীকার করেছেন। এখনো করছেন।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।