ফরহাদের চেতনায় বাম গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ফরহাদ যে বিপ্লবী চেতনা ধারণ করতেন, সেই চেতনায় বাম গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সিপিবির নেতারা। এ জন্য দেশের সার্বিক অবস্থা বিবেচনায় রেখে পার্টির সাংগঠনিক কর্মপন্থা নির্ধারণের তাগিদ দিয়েছেন তাঁরা। পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের ২৪তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে গতকাল রোববার বিকেলে সিপিবি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতির বক্তৃতায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, দেশে শোষণ-বঞ্চনা ও দারিদ্র্য ভয়াবহ রূপ নিয়েছে। শ্রমিকেরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। সব সরকারের আমলেই একই চিত্র দেখা যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মোহাম্মদ ফরহাদের বিপ্লবী চেতনায় সমৃদ্ধ শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে। এটা করতে পারলেই আমাদের মাঝে বেঁচে থাকবেন ফরহাদ। আজকের দিনে আমাদের শপথ হবে—ফরহাদ তুমি যে পতাকা রেখে গেছ, সেই পতাকা নিয়ে সিপিবি এগিয়ে যাবে। কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, ক্ষেতমজুর আন্দোলন থেকে শুরু করে গ্রামীণ সর্বহারা আন্দোলনের ধারা এগিয়ে নিয়েছিলেন মোহাম্মদ ফরহাদ। নিজে স্বপ্ন দেখার পাশাপাশি তিনি সবাইকে স্বপ্ন দেখাতেন। কৃষক সমিতির সভাপতি মোরশেদ আলী বলেন, দেশে বর্তমান সময়ের চাহিদা হচ্ছে একটি শক্তিশালী বামশক্তি। এই প্রয়োজনের বিষয়টি সামনে রেখে পার্টির আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে।সভায় আরও বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি লুৎফর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সভাপতি অধ্যাপক এম এ সাঈদ, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, সিপিবির মহানগর কমিটির নেতা জলি তালুকদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব।