ফরাসউদ্দিন ও মঞ্জুর এলাহীর বিরুদ্ধে অভিযোগের দালিলিক প্রমাণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে থাকার সময় সৈয়দ মঞ্জুর এলাহীর বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে অর্থ গ্রহণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ফরাসউদ্দিনের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলেনি।

গত ২৫ জুলাই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য এম মোসলেহউদ্দিন সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছিলেন। তখন তিনিও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দাখিল করেননি। এ নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে অনুসন্ধান করে সত্যতাও পাওয়া যায়নি।

এ ব্যাপারে এম মোসলেহউদ্দিনের সঙ্গে গত বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনিও অভিযোগের পক্ষে কোনো দালিলিক প্রমাণ দিতে পারেননি। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এম মোসলেহউদ্দিনের দেওয়া বক্তব্যের ভিত্তিতে গত ২৬ জুলাই প্রথম আলোয় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। কেবল মৌখিক অভিযোগের ওপর নির্ভর করে এ ধরনের সংবাদ প্রকাশের জন্য প্রথম আলো দুঃখ প্রকাশ করছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এদিকে সৈয়দ মঞ্জুর এলাহীর পক্ষে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে আইনি প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস। ১ আগস্ট পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী বিশ্ববিদ্যালয় থেকে নিজের সুবিধার জন্য কমপক্ষে ৩০০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে মোসলেহউদ্দিনের বক্তব্য ছাড়া এই অভিযোগের বিষয়ে আর কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।

প্রতিবেদনে উপস্থাপিত মোসলেহউদ্দিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অতিরঞ্জিত ও বিদ্বেষপূর্ণ। এ ধরনের বক্তব্য চরম মানহানিকর। প্রথম আলোর মতো একটি স্বনামধন্য পত্রিকায় এ ধরনের বক্তব্য প্রকাশ সম্পূর্ণ অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক।

প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, সৈয়দ মঞ্জুর এলাহী জাতীয় ও আন্তর্জাতিকভাবে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। এমন মিথ্যা, অতিরঞ্জিত ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রকাশে তাঁর চরম মানহানি হয়েছে এবং তাঁর দীর্ঘ অর্জিত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি প্রকাশিত সব অভিযোগের বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।