ফরাসউদ্দিন ও মঞ্জুর এলাহীর বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মো. ফরাসউদ্দিনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বোর্ড প্রধানের পদে থাকা, অবৈধ নিয়োগ-পদচ্যুতিসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ওই ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ড. এম মোসলেহ-উদ্দিন।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোসলেহ-উদ্দিন এসব অভিযোগ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও করেন তিনি।

অধ্যাপক মোসলেহ-উদ্দিন বলেন, জয়েন্ট স্টক কোম্পানি ‘প্রগতি ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর একটি প্রকল্প হিসেবে ১৯৯৬ সালে ১৫ জনের একটি ট্রাস্টি বোর্ড নিয়ে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

মোসলেহ-উদ্দিন বলেন, প্রগতি ফাউন্ডেশন বিধি বা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে একজন সর্বোচ্চ চার বছর থাকতে পারেন। কিন্তু ড. ফরাসউদ্দিন নিয়মবহির্ভূতভাবে ১৪ বছর ধরে এই পদে আছেন।

মোসলেহ-উদ্দিন বলেন, ড. ফরাসউদ্দিন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান বিভাগ ও আইন বিভাগে দুজনকে অধ্যাপক পদে নিয়োগ করেছেন। অর্থনীতি বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষককেও মাসে আড়াই লাখ টাকার বেশি সম্মানীসহ পূর্ণকালীন শিক্ষকের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।

মোসলেহ-উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী ২০০৭ সাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে ইস্তফা দেন। কিন্তু কয়েক বছর বিরতির পর ২০১২ সাল থেকে ট্রাস্টি সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় তাঁর অংশগ্রহণ অব্যাহত আছে। নিজের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় থেকে তিনি কমপক্ষে ৩০০ কোটি টাকা নিয়েছেন।

যোগাযোগ করা হলে ড. মো. ফরাসউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওনার (এম. মোসলেহ-উদ্দিন) সব অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন। আমাদের সব হিসাব-কিতাবের অডিট হয়। ওনার হিসাবও সব বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে সৈয়দ মঞ্জুর এলাহী প্রথম আলোকে বলেন, বিচারাধীন বিষয়ে তিনি মন্তব্য করবেন না।