ফরিদ আহমদের লিভ টু আপিলের শুনানি নিয়মিত বেঞ্চে
হাইকোর্টের সাবেক অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমদ শিবলীর করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল বৃহস্পতিবার আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৩ ফেব্রুয়ারি শুনানির জন্য পাঠিয়েছেন।
হাইকোর্টে স্থায়ী নিয়োগের বিষয়ে ফরিদ আহমদের করা রিট আবেদন ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন। এ আদেশের বিরুদ্ধে গত বুধবার লিভ টু আপিল করেন তিনি। গতকাল চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়।
আদালতে ফরিদ আহমদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য ফরিদ আহমদসহ ১০ জন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে আট বিচারপতির নিয়োগের প্রজ্ঞাপন চলতি বছরের ৭ ফেব্রুয়ারি জারি করে আইন মন্ত্রণালয়। বাদ পড়েন ফরিদ আহমদ। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। গত বছরের ১৫ ডিসেম্বর এক বিচারক মারা যান।