অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। তিনি সারা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি ছিলেন সৎ ও ন্যায়পরায়ণ রাজনীনিবিদ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি টিনের ছাদের ঘরে বসেই রাজনীতি করেছেন।গতকাল শনিবার বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আওয়ামী লীগের সাংসদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্যপ্রয়াত দেওয়ান ফরিদ গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, এম এ মান্নান, সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহিদুল্লাহ তালুকদার প্রমুখ।