ফরিদগঞ্জ ও বারহাট্টায় সংঘর্ষে আহত ৫০ ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের পর পৃথক সংঘর্ষে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউপি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হন। এ ঘটনায় ওই দুই প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর ও ফরিদগঞ্জ: ফরিদগঞ্জের উত্তর ইউনিয়নে আহত ব্যক্তিদের মধ্যে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান, পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ সালাহউদ্দিন, আবদুল ওহাব, কনস্টেবল হারুনুর রশিদ, পুলিশের গাড়িচালক বিশ্ব দুলাল, আনসার সদস্য দুলাল মিয়া, হাবিবুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং প্রিসাইডিং কর্মকর্তা মনির চৌধুরী উপজেলার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আহত এসআই সালাহউদ্দিন জানান, গোবিন্দপুর উত্তর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ ব্যালট বাক্স গাড়িতে ওঠানোর প্রস্তুতি নেয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী মো. কায়েম পারভেজের (চশমা) কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করেন। এ সময় পুলিশ বাধা দিলে চেয়ারম্যান প্রার্থীর উপস্থিতিতে তাঁর সমর্থকেরা পুলিশসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাতে র‌্যাব সদস্যরা লুট হওয়া ব্যালট বাক্স উদ্ধার করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা ফজলুর রহমান জানান, ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষটি হয়েছে। ফলাফল শিটে সিল দেওয়াটা বাধ্যতামূলক নয়। ফরিদগঞ্জ থানা সূত্র জানায়, অপরদিকে ভোট গণনা শেষে ওই রাতেই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীপুরের একটি মাদ্রাসার ভোটকেন্দ্রে সদস্যপদে বিজয়ী প্রার্থী জসিম পাঠান ও পরাজিত মাইনুদ্দিন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে চারজন পুলিশসহ ২০ জন আহত হন।চাঁদপুরের দায়িত্বে থাকা র‌্যাব-১১-এর এএসপি মো. কামরুজ্জামান জানান, দুটি স্থানেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ ছাড়া উদ্ধার করা ব্যালট বাক্স উপজেলা নির্বাহী কর্মকর্তার কার‌্যালয়ে জমা দেওয়া হয়েছে।ধরমপাশা (সুনামগঞ্জ): নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাসাউড়া গ্রামটি সংখ্যালঘু এলাকা হিসেবে পরিচিত। রাত সাড়ে ১০টায় ইউনিয়নের বিএনপির প্রার্থী খায়রুজ্জামান খান গ্রামে প্রচার-প্রচারণায় বের হলে আওয়ামী লীগের প্রার্থী শাহ মাহবুব মোর্শেদের সমর্থকেরা হামলা চালান। এতে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত প্রার্থী খায়রুজ্জামানকে পাঁচ হাজার ও শাহ মাহবুবকে ছয় হাজার টাকা জরিমানা করেন।বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। তাঁদের কাছ থেকে নির্বাচনে বিশৃঙ্খলা রোধে মুচলেকা নেওয়া হয়েছে।