ফরিদগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মনজিল হোসেনের ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এদিকে হরতালের প্রতিবাদে পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। হরতাল চলাকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। পৌর এলাকার বেশির ভাগ দোকানপাটও বন্ধ ছিল। তবে উপজেলা সদর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক ছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে হরতালের সমর্থনে পিকেটিং শুরু হয়। বেলা ১১টার দিকে হরতালের বিপক্ষে পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। এদিকে, মেয়র মনজিলের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চাঁদপুর আগমন উপলক্ষে গত সোমবার সকালে বিএনপির একদল নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার প্রাঙ্গণে পৌঁছালে এতে ইটপাটকেল ছোড়া হয়। এর জেরে বিএনপি থেকে বহিষ্কৃত পৌর মেয়র মনজিলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মেয়রসহ ১৫ জন আহত হন।