ফরিদগঞ্জে আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শহরে আওয়ামী লীগের নেতা আবুল কাশেমকে কুপিয়ে জখম ও চোখ উপড়ে ফেলার চেষ্টার ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মোহাম্মদ কাঞ্চন ও মোহাম্মদ সবুজ। ঢাকার সদরঘাট লঞ্চঘাট থেকে গতকাল রোববার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার পালিত জানান, কাঞ্চন ও সবুজ লঞ্চে ঢাকায় যাচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে ঢাকার সদরঘাট এলাকার লঞ্চঘাটে অবস্থান নেয়। চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া একটি লঞ্চ ভোরে ঘাটে ভেড়ার পর ওই লঞ্চের একটি কেবিন থেকে কাঞ্চন (২৮) ও সবুজকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের ফরিদগঞ্জ আনা হয়। ওসি জানান, হামলার ঘটনায় আবুল কাশেম গতকাল সবুজ ও কাঞ্চনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গত শুক্রবার রাতে উপজেলা শহরে নিজ বাসভবনের কাছে সন্ত্রাসী হামলার শিকার হন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবুল কাশেম। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আবুল কাশেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।